সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন আন্তর্জাতিক গবেষক মো. শাকিরুল ইসলাম খান।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. শাকিরুল ইসলাম খান অন্যান্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে এই দায়িত্ব গ্রহণ করবেন। তার এই নিয়োগ প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) বহাল থাকবে।
শাকিরুল ইসলাম খান একজন গবেষক ও শিক্ষাবিদ। তিনি এর আগে জাপানের ওইতা ইউনিভার্সিটি, এহিমে ইউনিভার্সিটিসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
জানা গেছে, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে তিনি প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি ও নীতিনির্ধারণ-সংক্রান্ত কাজে ভূমিকা রাখবেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির তদারকিও করবেন। তার অভিজ্ঞতা ও মেধা প্রধানমন্ত্রীর কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
গত দুই দশকেরও বেশি সময় ধরে শিক্ষা ও গবেষণায় তিনি উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছেন। বর্তমানে তিনি জাপানের ওইতা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব মেডিসিনের মাইক্রোবায়োলজি বিভাগে পূর্ণকালীন ফ্যাকাল্টি হিসেবে কর্মরত।
এ ছাড়া তিনি বিশ্ববিদ্যালয়টির ‘রিসার্চ সেন্টার ফর গ্লোবাল অ্যান্ড লোকাল ইনফেকশাস ডিজিজ’-এর সঙ্গেও যুক্ত রয়েছেন।


