পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশ প্রতিটি দেশের সঙ্গে পারস্পরিকভাবে সুবিধাজনক সম্পর্ক গড়ে তুলতে চায় এবং সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে অংশীদারিত্ব জোরদার করবে। একই সঙ্গে জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি কঠোরভাবে অনুসরণ করা হবে।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, সরকার বিদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের সঙ্গে পরামর্শ শুরু করেছে, যাতে দেশের পররাষ্ট্রনীতির রূপরেখা সম্পর্কে তাদের অবহিত করা যায়।
তিনি বলেন, সরকারের মূলনীতি হলো ‘বাংলাদেশ ফার্স্ট’। সর্বাগ্রে থাকবে দেশের স্বার্থ। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, পারস্পরিক স্বার্থ এবং জাতীয় মর্যাদার ভিত্তিতেই সম্পর্ক এগিয়ে নেওয়া হবে।
খলিলুর রহমান জানান, ইতোমধ্যে সৌদি আরব, চীন, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে।
তিনি বলেন, রাষ্ট্রদূতরা নতুন সরকারের প্রতি আস্থা প্রকাশ করেছেন এবং বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ জানিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, আঞ্চলিক দেশগুলোর পাশাপাশি বিশ্বের অন্যান্য বন্ধুত্বপূর্ণ দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হবে।
তিনি আরও বলেন, এ পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকগুলো ছিল আন্তরিক ও গঠনমূলক। নির্দিষ্ট বিষয়গুলো নিয়ে ভবিষ্যতে বিস্তারিত আলোচনা হবে, যা একটি গতিশীল ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বাস্তবায়নে সহায়ক হবে।


