দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণকাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার ও মাদকমুক্ত সুস্থ জাতি গঠনে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শুক্রবার দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলার জলুয়ার দিঘীপাড় এলাকায় মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, দেশের ক্রীড়াঙ্গন দ্রুত এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড দেওয়া কর্মসূচি চালু হয়েছে। সরকার প্রতিটি উপজেলায় নির্ধারিত নকশা অনুযায়ী আধুনিক মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নিয়েছে। এসব স্থাপনা রক্ষণাবেক্ষণে স্থানীয় জনগণ ও সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। আগামী সেপ্টেম্বর থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় ধাপ শুরু হবে। ইউনিয়ন পর্যায় থেকে দল গঠনের মাধ্যমে তৃণমূলের ক্রীড়াশৈলীকে এগিয়ে নেওয়া হবে। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই মিনি স্টেডিয়াম নির্মিত হলে পটিয়া থেকে ভবিষ্যতে জাতীয় পর্যায়ের দক্ষ খেলোয়াড় তৈরি হবে।
অনুষ্ঠানের প্রধান বক্তা পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, পটিয়ার ক্রীড়াঙ্গনের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্টেডিয়াম নির্মিত হলে স্থানীয় খেলোয়াড়েরা আধুনিক পরিবেশে অনুশীলনের সুযোগ পাবেন। এতে নতুন প্রতিভা বিকাশের ক্ষেত্র তৈরি হবে। শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়া খাতের উন্নয়নে কাজ অব্যাহত থাকবে।
পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান, প্রকল্প পরিচালক মাহবুব মোরশেদ সোহেল, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত ও পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম, ক্রীড়া সংস্থার সদস্যসচিব মইনুল আলম ছোটন ও জেলা বিএনপির সাবেক সহঅর্থ সম্পাদক মোরশেদ শফি হিরুসহ স্থানীয় ক্রীড়া সংগঠকেরা।


