সরকার পুলিশ বিভাগের জন্য একটি স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়, যেখানে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন।
এরপর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, ‘উপদেষ্টা পরিষদ পুলিশের জন্য একটি স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত নিয়েছে, যাতে রাজনৈতিক কিংবা অন্য কোনো প্রভাব ছাড়া স্বচ্ছভাবে তদন্ত সম্পন্ন করা সম্ভব হয়।‘
এ ছাড়া পুলিশের অভ্যন্তরীণ অভিযোগ যাচাইয়ের জন্য একটি পৃথক কমিশন গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
শফিকুল আলম আরও জানান, এই দুই সিদ্ধান্তের বাস্তবায়নের জন্য আইন মন্ত্রণালয় দ্রুত কাজ করবে, এবং উপদেষ্টা আসিফ নজরুল, আদিলুর রহমান খান, এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরী এই কাজে যুক্ত থাকবেন।
সভায় স্থানীয় সরকারের শক্তিশালীকরণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। শফিকুল আলম বলেন, ‘প্রধান উপদেষ্টা বারবার নির্দেশনা দিয়েছেন যে, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনগুলোর নিজস্ব তহবিল সংগ্রহ এবং স্বচ্ছভাবে পরিচালনার ক্ষমতা বৃদ্ধি করতে হবে।’
স্বাস্থ্য খাত নিয়েও সভায় আলোচনা হয়েছে। তিনি জানান, কিছু মেডিকেল কলেজে শিক্ষক সংকট রয়েছে, তাই শিক্ষার মান উন্নত করতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পরামর্শক হিসেবে নিয়োগ এবং অন্য উপায়ে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
নেপালে অবস্থানরত বাংলাদেশিদের বিষয়ে বৈঠকে আলোকপাত করা হয়। শফিকুল আলম বলেন, ‘নেপালে বাংলাদেশিরা নিরাপদ আছেন, এবং তাদের দেখভাল করছে বাংলাদেশ দূতাবাস। জাতীয় ফুটবল দলকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ বিমানবাহিনী বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।’
শফিকুল আলম আরও বলেন, ‘এই সভার প্রতিটি সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনীতি, শাসনব্যবস্থা এবং আন্তর্জাতিক অঙ্গনে আমাদের অবস্থানকে আরও শক্তিশালী করবে।’
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারও উপস্থিত ছিলেন।


