রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এ সময় তিনি দুই দেশের মধ্যে ‘চিরস্থায়ী ও অটুট’ বন্ধুত্বের আশা প্রকাশ করেন।
কোরিয়ান কেন্দ্রীয় বার্তা সংস্থার (কেসিএনএ) খবরে বলা হয়, রুশ প্রেসিডেন্ট পুতিন মঙ্গলবার ৭৩ বছরে পা দিয়েছেন। এ উপলক্ষে ঐতিহাসিক ও ঘনিষ্ঠ বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে কিম বলেন, ‘আমি নিশ্চিত, আমাদের দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বর্তমানে দারুণ পর্যায়ে রয়েছে। তা ভবিষ্যতেও অটুট থাকবে। আমাদের উষ্ণ বন্ধুত্ব এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করবে। সেই সঙ্গে বহুমাত্রিক ও ন্যায্য বিশ্বব্যবস্থা গড়ে তুলতে বড় ভূমিকা রাখবে।’
কিম তার শুভেচ্ছাবার্তায় রুশ নেতার নেতৃত্বেরও প্রশংসা করেন। পাশাপাশি রাশিয়ার ‘ন্যায়সঙ্গত সংগ্রামের’ প্রতি সমর্থন জানান-যা স্পষ্টতই ইউক্রেন যুদ্ধের প্রতি ইঙ্গিত করে। ‘পিয়ংইয়ং ও মস্কো সবসময় একসঙ্গে থাকবে এবং আমাদের বন্ধুত্ব চিরকাল অটুট থাকবে’, বলেন কিম।
উত্তর কোরিয়ার নেতা আরও বলেন, ‘রাশিয়ার জনগণের জাতীয় সার্বভৌমত্ব, ভৌগলিক অখণ্ডতা এবং নিরাপত্তার স্বার্থ রক্ষার সংগ্রামে আমরা পূর্ণ সমর্থন জানাই। দুই দেশের মধ্যে সই হওয়া প্রতিটি চুক্তি বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা একে ভ্রাতৃত্বপূর্ণ দায়িত্ব হিসেবেই দেখি।’
এদিকে জন্মদিন উপলক্ষে অনেক বিশ্বনেতাই ভ্লাদিমির পুতিনকে ফোন করে শুভেচ্ছা জানান বলে নিশ্চিত করেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।


