পিরোজপুরের মঠবাড়িয়া-পিরোজপুর সড়কের দেবীপুর এলাকায় একটি কাঁচামালবোঝাই ট্রাক নিয়ে বেইলি সেতু ধসে পড়ায় মঠবাড়িয়া উপজেলার সঙ্গে পিরোজপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। একইসঙ্গে বরগুনার সঙ্গে এই সড়কপথের যোগাযোগও বন্ধ রয়েছে।
বুধবার ভোররাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঠবাড়িয়ার তুষখালী এলাকার ব্যবসায়ী জাকির হোসেনের একটি কাঁচামালবোঝাই ট্রাক সেতুর ওপর উঠলে সেটি ধসে খালে পড়ে যায়। স্থানীয়দের দাবি, ট্রাকটিতে অতিরিক্ত মালামাল থাকায় সেতুটি ভেঙে পড়তে পারে।
ঘটনার পর থেকেই পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা-বরগুনা সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। সেতুর উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল জানান, বেইলি সেতু ধসে পড়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত ট্রাকটি উদ্ধার এবং বিকল্প ব্যবস্থা গ্রহণের মাধ্যমে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
তবে সড়ক যোগাযোগ কখন পুনরায় চালু করা সম্ভব হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট কোনো সময় জানাতে পারেননি তিনি।


