অবশেষে ওসমানী মেডিকেলের ইন্টার্ন ডাক্তারদের কর্মবিরতি প্রত্যাহার

অবশেষে ওসমানী মেডিকেলের ইন্টার্ন ডাক্তারদের কর্মবিরতি প্রত্যাহার
হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বৈঠক। ছবি: টাইমস
Advertisement
Advertisement

প্রায় ৩৮ ঘন্টা পর কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন (শিক্ষানবিশ) চিকিৎসকরা। আন্দোলনরতদের আট দফা দাবি মেনে নেওয়ায় সোমবার সকাল থেকে কাজে ফেরার ঘোষণা দেন তারা।

রোববার দুপুরে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে দাবি পুরণের আশ্বাস দেওয়ার পর হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে আনসার সদস্য মোতায়েনের বিষয়টি বাস্তবায়ন করেছে কর্তৃপক্ষ।

এর আগে শুক্রবার রাতে হাসপাতালে সেবা নিতে আসা এক রোগীর স্বজনরা ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে হাতাহাতিতে জড়ায়। তার প্রতিবাদে শুক্রবার রাত থেকেই কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা।

পরদিন শনিবার প্রশাসনের সঙ্গে ঘন্টাব্যাপী বৈঠকে সমঝোতা না হওয়ায় কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এতে দুর্ভোগে পড়েন হাসপাতালের সেবা নিতে আসা হাজারও রোগী। এ সময় ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আট দফা দাবি জানান।

আরও পড়ুন

রোববার দুপুরে ইন্টার্ন চিকিৎসকদের নিয়ে ফের বৈঠকে বসেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঘন্টাব্যাপী বৈঠকে আনসারদের হাসপাতালের বিভিন্ন জায়গায় ডিউটি নিশ্চিত করার আশ্বাস দেন পরিচালক৷

এদিকে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়ে ইন্টার্ন চিকিৎসক মোহাম্মদ সাদিক বলেন, ‘কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আমরা কর্মবিরতি শুরু করেছিলাম। কর্তৃপক্ষ আমাদের দাবি পুরণে আশ্বাস দেওয়ায় কর্মবিরতি প্রত্যাহার করে নিচ্ছি। তবে মানসিক প্রস্তুতির বিষয়টি মাথায় রেখে আমরা সোমবার সকাল ৮টা থেকে কাজে যোগ দেব।’

ওসমানী মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির বলেন, ‘ইন্টার্ন চিকিৎকরা আমাদের কথা মেনে কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে। আমরাও তাদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দেব। এরইমধ্যে হাসপাতালের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় সার্বক্ষণিক আনসার মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর