পিরোজপুরের নেছারাবাদের ইন্দুরহাটের একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে নুসরাত জাহান (২২) নামে এক প্রসূতি একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন।
উপজেলার ইন্দুরহাটের একটি বেসরকারি ক্লিনিকে বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মা ও সন্তানদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তারা সুস্থ রয়েছে বলে জানিয়েছে ক্লিনিকের স্বত্বাধিকারী মো. মাইনুল ইসলাম অসীম।
প্রসূতির স্বামী শরিফুল ইসলাম উজ্জ্বল বলেন, ‘আমার স্ত্রীর প্রসব বেদনা দেখা দিলে সেবা প্রাইভেট হাসপাতালে ভর্তি করি। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রীতিশ কুমার বিশ্বাসের মাধ্যমে সিজার করা হয়। একসঙ্গে তিনটি কন্যা সন্তানের বাবা হই। আমার স্ত্রী এবং আমার সন্তানরা সুস্থ আছে। একসঙ্গে তিন সন্তানের বাবা হতে পেরে আমি অত্যন্ত খুশি।’
অস্ত্রোপচারটি পরিচালনা করেন শিশু ও গাইনি বিশেষজ্ঞ ডা. প্রীতিশ বিশ্বাস। তিনি জানান, ‘মা ও তিন নবজাতকই সুস্থ আছে। এমন অপারেশন কিছুটা জটিল হলেও সফলভাবে সম্পন্ন হয়েছে।’
এদিকে একসঙ্গে তিন সন্তানের জন্মের খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


