সাভারের একটি বাড়িতে আগুন লেগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতাসহ চারজন গুরুতর দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুইজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও বাকি দুজনকে মোহাম্মদপুরে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগরের একটি বাসায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাইফুল ইসলাম রনি (২৮), বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের গাড়িচালক মো. হাসিনুর (২৬) এবং বিশ্ববিদ্যালয়ের ভাসানী হলের এক কর্মীর দুই ছেলে রায়হান ও রাহাত।
দগ্ধ সাইফুলের ভাই রানা ও তার বন্ধুদের বরাতে জানা যায়, সাইফুল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করেছেন। তবে এখনো তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও ঢাকা জেলা উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বিশ্ববিদ্যালয়ের হলেই থাকতেন।
তার বন্ধু রায়হান ও তার ভাই রাহাত বিশ্ববিদ্যালয়ের পেছনে ইসলামনগরের ৬ নং গলির একটি বাড়ির ২য় তলাতে থাকতেন। দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিরোধ মেটাতে মঙ্গলবার রাতে ওই বাসায় যান সাইফুল।
এক পর্যায়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লেগে গেলে রায়হান পেট্রোল ঢেলে ঘরে আগুন লাগিয়ে দেন। মুহূর্তেই দাউদাউ করে আগুন জ্বলে উঠলে সেই আগুনে দগ্ধ হন রায়হান, রাহাত, সাইফুল ও হাসিনুর।
পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে মধ্য রাতে সাইফুল ও হাসিনুরকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। আর দুই ভাই রায়হান ও রাহাতকে মোহাম্মদপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সাইফুলের দেহে ৩০ শতাংশ ও হাসিনুরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদেরকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আশুলিয়ার জিরাবো মডেল ফায়ার স্টেশনের ডিউটিম্যান জুলহাস উদ্দিন জানান, মঙ্গলবার রাতে আগুনের একটি খবরে ২টি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা হয়। কিন্তু মাঝপথেই খবর আসে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেছে।


