পাবনায় বজ্রপাতে ৩ কৃষকের প্রাণহানি

পাবনায় বজ্রপাতে ৩ কৃষকের প্রাণহানি
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

পাবনার সাঁথিয়া উপজেলায় আলাদা এলাকায় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামের মৃত রইজ উদ্দিনের ছেলে আকরাম হোসেন (৪৪), সোনাতলা বাজারপাড়া এলাকার কুনু মোল্লার ছেলে আবু সাইদ (৫০) এবং ধুলাউড়ি বারোয়ানি গ্রামের গনি মোল্লার ছেলে আব্দুল কুদ্দুস (৫৫)।

করমজা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক হোসেন জানান, আকরাম হোসেন বাড়ির পাশে পুন্ডুরিয়া শ্মশান ঘাট এলাকায় গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় বৃষ্টি না থাকলেও হঠাৎ বজ্রপাত হলে তিনি আহত হয়ে পড়ে যান। দূর থেকে স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে নাগডেমড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ উদ্দিন বলেন, মাঠে পেঁয়াজ তুলতে গিয়ে হঠাৎ বজ্রপাতে আবু সাইদ ঘটনাস্থলে মারা যান। তিনি অত্যন্ত সহজ-সরল ও পরোপকারী মানুষ ছিলেন।

এ ছাড়া, ধুলাউড়ি বারোয়ানি গ্রামের কৃষক আব্দুল কুদ্দুস মাঠ থেকে পেঁয়াজ নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে নিহত হন।

সাঁথিয়া থানার উপপরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ বজ্রপাতে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad