নারীর ক্ষমতায়ন ও তৃণমূল পর্যায়ের নারী উদ্যোক্তাদের প্রতিভা বিকাশের লক্ষ্যে ‘পাওয়ার অব শি’র আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ‘উদ্যোক্তা হান্ট’ প্রতিযোগিতার চূড়ান্ত বাছাই পর্ব।
শনিবার বিকালে রাজধানীর মিরপুরের ঋদ্ধি গ্যালারিতে এই প্রাণবন্ত আয়োজন সম্পন্ন হয়। এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্ভাবনাময় নারী ও তরুণ উদ্যোক্তারা তাদের উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা এবং পণ্য উপস্থাপন করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিযোগিতায় বিচারকগণ সৃজনশীলতা, পণ্যের গুণমান, বাজার সম্ভাবনা এবং সামাজিক প্রভাবের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিবেচনা করে অংশগ্রহণকারীদের মূল্যায়ন করেন। বিচারকের আসনে ছিলেন প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার, হাল ফ্যাশনের প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক সাইফুর রহমান, হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স জিসান কিংশুক এবং উইমেন চেম্বারের প্রতিনিধি সঙ্গীতা আহমেদ।
বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, তরুণ প্রজন্মের নারীদের ব্যবসায়িক অঙ্গনে উৎসাহিত করতে এ ধরনের সময়োপযোগী উদ্যোগ অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে।

প্রতিযোগিতার চূড়ান্ত বাছাইয়ে বিজয়ী স্টার্টআপ হিসেবে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন জারিন রায়হান, রোকসানা ইসলাম এবং মনিরা আলম।
এ ছাড়া শিক্ষার্থী ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন ইনস্টিটিউট অব সায়েন্স, ট্রেড অ্যান্ড টেকনোলজির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রিজওয়ানা সুলতানা এবং স্টামফোর্ড ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া বিভাগের শিক্ষার্থী জান্নাতি ইভা।
এই নির্বাচিত উদ্যোক্তারা আগামী ৯ ও ১০ মে অনুষ্ঠিতব্য ‘উইমেন সামিট এন্ড এক্সিবিশন ২০২৬’-এ অংশগ্রহণের সুবর্ণ সুযোগ পাবেন, যেখানে তাদের জন্য থাকছে বিনামূল্যে স্টল সুবিধা, পণ্য প্রদর্শনী ও পুঁজি সহায়তার মতো বিশেষ সুবিধা।
আয়োজন প্রসঙ্গে ‘পাওয়ার অব শি’র চেয়ারম্যান সাবিনা স্যাবি বলেন, নারীদের জন্য একটি টেকসই প্ল্যাটফর্ম তৈরি করাই তাদের মূল লক্ষ্য, যাতে নারীরা তাদের সৃজনশীল চিন্তাকে বাস্তব ব্যবসায় রূপান্তর করতে পারেন।
দুই দিনব্যাপী আসন্ন উইমেন সামিটে ৩৩টি স্টলের মাধ্যমে এসিড সারভাইভার ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের পণ্যসহ নানা বৈচিত্র্যময় হস্তশিল্প প্রদর্শিত হবে। ২০১৭ সাল থেকে নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে কাজ করে যাওয়া অলাভজনক সংগঠন ‘পাওয়ার অব শি’ আশা করে, এই উদ্যোক্তারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের নাম উজ্জ্বল করবেন।


