ঢাকার পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হত্যাকাণ্ডের পরই সোমবার সন্ধ্যায় স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মাকছুদের রহমান।
ওই যুবকের কাছ থেকে কোনো অস্ত্র পাওয়া যায়নি জানিয়ে পুলিশ বলেছে, গোলাম কিবরিয়া হত্যায় যে ভিডিও ছড়িয়ে পড়েছে, তার মধ্যে ওই যুবক আছে কিনা তা যাচাই করা হচ্ছে।
সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে মিরপুর ১২ নম্বরের ‘সি’ ব্লক এলাকায় হত্যা করা হয় যুবদল নেতা গোলাম কিবরিয়াকে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে কথা বলতে বলতে একটি স্যানেটারি সামগ্রীর দোকানে প্রবেশ করেন যুবদল নেতা কিবরিয়া। এর কয়েক সেকেন্ডের মধ্যেই দোকানের মূল দরজা দিয়ে প্রবেশ করেন হেলমেট পরা তিন ব্যক্তি।
দোকানে ঢুকেই পাঞ্জাবি পরিহিত এক ব্যক্তি গোলাম কিবরিয়াকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকেন। এসময় তিনি মাটিতে পড়ে যান। তখন চাদর জড়িয়ে থাকা আরেক ব্যক্তি কিবরিয়াকে আরও কয়েকটি গুলি করে দোকান থেকে বের হয়ে যান।


