পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ঘুমন্ত বাবাকে শিলপাটা দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে।
শুক্রবার ভোর ৪টার দিকে উপজেলার পূর্ব সুবিদখালী গ্রামে এ ঘটনা ঘটে। মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছে।
নিহতের নাম উত্তম দেবনাথ (৬০)। তিনি পেশায় দিনমজুর ছিলেন। ঘটনার পর অভিযুক্ত ছেলে তাপস দেবনাথকে (২৫) ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, তাপস দেবনাথ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। অতিরিক্ত মাদক সেবনের কারণে তিনি মানসিকভাবে অস্বাভাবিক আচরণ করতেন বলে পরিবারের দাবি। বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে নিজ নিজ স্থানে ঘুমিয়ে পড়েন। উত্তম দেবনাথ ও তার ছেলে ঘরের ভেতরে এবং স্ত্রী কানন দেবনাথ ঘরের পেছনের বারান্দায় ঘুমাচ্ছিলেন।
অভিযোগ অনুযায়ী, শুক্রবার ভোরে তাপস ঘুম থেকে উঠে ঘরে থাকা মসলা বাটার শিল-পাটা দিয়ে ঘুমন্ত বাবার মাথায় আঘাত করেন। উত্তম দেবনাথের চিৎকার শুনে তার স্ত্রী ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে প্রতিবেশীদের খবর দিলে তারা ঘটনাস্থলে এসে উত্তম দেবনাথকে মৃত অবস্থায় দেখতে পান এবং পুলিশে খবর দেন।
খবর পেয়ে মির্জাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। একই সঙ্গে অভিযুক্ত তাপস দেবনাথকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


