জামালপুরের দেওয়ানগঞ্জে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখার দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার হাতীভাঙ্গা আফরোজা বেগম উচ্চ বিদ্যালয় কেন্দ্র এবং হাতীভাঙ্গা মোফাজ্জল মিয়া মেমোরিয়াল কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল কুমার ভদ্র।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় থেকে জানা যায়, এইচএসসি পরীক্ষার প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষা চলাকালে হাতীভাঙ্গা আফরোজা বেগম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সোলেমান মিয়া এবং হাতীভাঙ্গা মোফাজ্জল মিয়া মেমোরিয়াল কলেজ কেন্দ্রে হৃদয় নামে দুই পরীক্ষার্থী মোবাইল ফোন নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করেন।
কেন্দ্র দুটির দায়িত্বে থাকা ট্যাগ অফিসার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমান এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মাজেদুর রহমান সিসিটিভি পর্যবেক্ষণের মাধ্যমে বিষয়টি শনাক্ত করেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেনের নির্দেশে পরীক্ষার বিধিমালা অনুযায়ী ওই দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
এ বিষয়ে ইউএনও শাহ জহুরুল হোসেন বলেন- পরীক্ষার হলে কোনো ধরনের নকল বা অনিয়ম মেনে নেওয়া হবে না। প্রতিদিনই বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করা হচ্ছে। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এই তদারকি জারি থাকবে।


