পঞ্চগড় শহরের করতোয়া সেতুতে ট্রাকচাপায় আনোয়ারুল ইসলাম (৪৫) নামে এক সরকারী কর্মচারীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ারুল ইসলাম পঞ্চগড় পৌরসভার ডোকরোপাড়া এলাকার বাসিন্দা। তিনি আটোয়ারী উপজেলায় নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে প্রসেস সার্ভেয়ার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো সকালে মোটরসাইকেলে বাড়ি থেকে আটোয়ারীতে অফিসের উদ্দেশে রওনা হন আনোয়ারুল ইসলাম। জেলা শহরের করতোয়া সেতুতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের পেছনের চাকায় ধাক্কা লেগে তিনি সড়কে পড়ে যান। এতে ট্রাকচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এদিকে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, ঘটনার পর অভিযুক্ত ট্রাক ও এর চালকের সহকারীকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে ধরার চেষ্টা চলছে।


