নোয়াখালীর সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবদুল্লাহ আল মাসুম (১৪) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে সোনাপুর-চেয়ারম্যান সড়কের মান্নাননগর কোম্পানিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুম হাতিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শূন্যের চর গ্রামের মাওলানা কাউচারের ছেলে। সে সদর উপজেলার জামিয়া ইসলামিয়া ফয়জিয়া মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
স্বজনরা জানান, দুপুরে খেয়ে মাদ্রাসার উদ্দেশ্যে অটোরিকশায় রওনা হয় মাসুম। পথে মান্নাননগর কোম্পানিঘাট এলাকায় বিপরীতমুখী কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে নারী ও শিশুসহ ছয়জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মাসুমকে মৃত ঘোষণা করেন। চালক পালালেও কাভার্ডভ্যানটি আটকে রেখেছে স্থানীয়রা।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। খোঁজ নিয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

