নেপালের অস্থিতিশীল পরিস্থিতির কারণে বাতিল হয়েছিল সব বাণিজ্যিক ফ্লাইট। এমন অবস্থায় দেশে ফেরার অনিশ্চয়তায় পড়েছিল প্রীতি ম্যাচ খেলতে যাওয়া বাংলাদেশ জাতীয় ফুটবল দল, সঙ্গে থাকা কর্মকর্তারা এবং ক্রীড়া সাংবাদিকরা। শেষ পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ উদ্যোগে নিরাপদে দেশে ফিরতে পেরেছেন তারা।
ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় নির্ধারিত সময়ে ফেরার কোনো সুযোগ ছিল না লাল–সবুজের প্রতিনিধিদলের। তবে বিষয়টি দ্রুত গুরুত্বের সঙ্গে নেয় অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর। প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের পর সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বিমান বাহিনীর সার্বিক তত্ত্বাবধানে বিশেষ ফ্লাইট পাঠানো হয় কাঠমান্ডুতে।
বাংলাদেশ বিমান বাহিনীর সি–১৩০বি পরিবহন বিমানটি একই দিনে ঢাকা থেকে যাত্রা করে এবং দলের সদস্যসহ সাংবাদিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনে। পুরো অভিযানে ‘মিশন কমান্ডার’ হিসেবে দায়িত্ব পালন করেন বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ সেলিম জাভেদ, পিএসসি।
ফুটবল দলের সঙ্গে থাকা কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি অনিশ্চিত হয়ে ওঠায় ফেরার বিষয়টি নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়েছিল। তবে সরকারের দ্রুত পদক্ষেপ ও বিমান বাহিনীর তাৎক্ষণিক উদ্যোগে সেই সংকট কাটিয়ে তারা স্বস্তিতে দেশে ফিরতে পেরেছেন।
বাংলাদেশ বিমান বাহিনী জানায়, দেশের যেকোনো জরুরি পরিস্থিতিতে তারা সব সময় দায়িত্ব পালনে প্রস্তুত। আকাশপথে অভ্যন্তরীণ কিংবা আন্তর্জাতিক যেকোন উদ্ধার অভিযান সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে পরিচালনায় তারা প্রতিশ্রুতিবদ্ধ।


