নেপালের ইয়ালুং রি পর্বতে তুষারধসে ৭ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে পাঁচজন বিদেশি পর্বতারোহী, বাকি দুজন নেপালি গাইড।
বিবিসি জানিয়েছে, নেপালের উত্তর-পশ্চিমের ডোলাখা জেলায় এই ইয়ালুং রি পর্বতের বেজ ক্যাম্প অবস্থিত।
সিএনএনের খবরে বলা হয়েছে, বিদেশি পর্বতারোহীদের জাতীয়তা ও পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
দেশটির সশস্ত্র পুলিশ বাহিনীর মুখপাত্র শৈলেন্দ্র থাপা জানিয়েছেন, ৪ হাজার ৯০০ মিটার (১৬ হাজার ৭০ ফুট) উচ্চতায় অবস্থিত ওই বেস ক্যাম্পে সোমবারের ধসে আরও পাঁচজন আহত হয়েছেন।
গত সপ্তাহ থেকেই খারাপ আবহাওয়ার মুখে রয়েছে নেপাল। দেশটির পর্বতগুলোয় প্রায়ই প্রবল তুষারঝড়ের খবর পাওয়া যাচ্ছে।
দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে উদ্ধারকারীরা পায়ে হেঁটে দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন। উদ্ধারকারী একটি হেলিকপ্টার সেখানে পৌঁছানোর চেষ্টা করলেও খারাপ আবহাওয়ার কারণে ফিরে আসতে বাধ্য হয়। থাপা জানিয়েছেন, মঙ্গলবার ভোরে আবার উদ্ধারের চেষ্টা করা হবে।
সেখানকার ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ জ্ঞান কুমার মাহাতো বিবিসিকে বলে, ‘তিনটি মরদেহ খুঁজে পাওয়া গেছে, বাকিদের খোঁজ চলছে।’
ইয়ালুং রি পর্বতের উচ্চতা ৫ হাজার ৬০০ মিটার (১৮ হাজার ৩৭০ ফুট)। পর্বতারোহীদের কাছে এ পর্বতটি তুলনামূলকভাবে নতুন। ফলে অভিজ্ঞতা না থাকা পর্বতারোহীদের জন্য ঠিক উপযোগী বলে বিবেচনা করা হয় না।
বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতের মধ্যে ৮টিই নেপালে। এরই একটি মাউন্ট এভারেস্ট। উঁচু পর্বতগুলো আরোহনের সবচেয়ে জনপ্রিয় মৌসুম বসন্তকাল, কারণ এই সময়ে আবহাওয়া অনুকূলে থাকে।
তবে বর্ষা মৌসুম শেষে ও শীত শুরু হওয়ার আগে শরৎকালেও শত শত বিদেশি পর্বতারোহী নেপালে তুলনামূলক ছোট ছোট পর্বতগুলো আরোহনের জন্য আসেন।


