নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুই যুবককে আটক করা হলেও চোরাচালানের মূলহোতা হিসেবে সন্দেহভাজন এক ব্যক্তি মোটরসাইকেলে পালিয়ে গেছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার ভোরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রাঙ্গামাটিয়া সেতু সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাচালানের এসব পণ্য উদ্ধার করা হয়। এসময় চোরাই মালামাল বহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন- নাজিরপুর ইউনিয়নের শিংপুর গ্রামের মো. নাসিম (২৫) এবং একই ইউনিয়নের সেইচাহানি গ্রামের মুনির মিয়া (২১)। তাদের একজন পিকআপ চালক ও অন্যজন হেলপার বলে জানিয়েছে পুলিশ।
নেত্রকোনা পুলিশের বরাতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে রাঙ্গামাটিয়া এলাকায় সন্দেহজনক একটি পিকআপের গতিরোধ করা হয়। পরে তল্লাশি চালিয়ে ১৮টি বস্তাভর্তি ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়। জব্দ করা পণ্যের মধ্যে ডাভ শ্যাম্পু, অলিভ অয়েলসহ বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের প্রসাধনী রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, জসীম নামে এক ব্যক্তি মোটরসাইকেলে পিকআপটিকে অনুসরণ করছিলেন। তিনি নিজেকে এসব পণ্যের মালিক হিসেবে পরিচয় দিয়েছিলেন। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে তিনি পালিয়ে যান।
স্থানীয়রা জানান, সীমান্তবর্তী এই অঞ্চলে দীর্ঘদিন ধরেই নানা কৌশলে ভারতীয় পণ্য চোরাপথে দেশে প্রবেশ করছে। তবে সম্প্রতি পুলিশের নজরদারি বাড়ায় চোরাকারবারিরা নতুন নতুন কৌশল অবলম্বন করছে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন বলেন, ‘চোরাচালান চক্রটি দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল বলে ধারণা করা হচ্ছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়েছে। পলাতক ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’


