রাজধানীতে ঝটিকা মিছিল, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের স্লোগানসংবলিত এক লাখ গ্যাস বেলুন উড়িয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন এলাকায় আলাদা অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে রবিবার ডিবি সূত্র নিশ্চিত করেছে। রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিবি জানায়, ১০ থেকে ১২ নভেম্বরের মধ্যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার আশপাশসহ রাজধানীর বিভিন্ন স্থানে গ্যাস বেলুন উড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছিলেন তারা।
ডিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মাঠপর্যায়ে কর্মসূচি, ঝটিকা মিছিল ও নাশকতার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্রে যুক্ত ছিলেন গ্রেপ্তারকৃতরা।
গ্রেপ্তারকৃতদের তালিকায় রয়েছেন—নওপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি রূপচান বেপারী, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বিজ্ঞান সম্পাদক ও ১২ নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবরার খান তাহমিদ ওরফে তাহমিদ আশরাফ, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য রায়হান খান আজাদ, শেরেবাংলা নগর থানা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ এ বি এম নুরুল হক ওরফে ছোটন চৌধুরী, শাহবাগ থানা আওয়ামী লীগের সাবেক শিক্ষাবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ ওরফে বাবলু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য গিয়াস উদ্দিন খোকন, মিরপুর মডেল থানা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভূইয়া, ভাষানটেক থানা যুবলীগের সদস্য সিরাজুল ইসলাম ওরফে আহমাদ আলী, ৩৩ নং ওয়ার্ড শ্রমিক লীগের সাবেক সহ-সভাপতি জসিম ওরফে বিল্লাল, গেন্ডারিয়া থানা মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান, ৪৭ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মেঘনা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ সদস্য প্রকৌশলী আবুল কালাম, আশুলিয়া থানা ছাত্রলীগের সহ-সভাপতি শাহজালাল, রায়েরবাগ ইউনিট যুবলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ওরফে পলাশ, ডিংগামানিক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস সরদার, পল্টন থানা যুবলীগের সাধারণ সম্পাদক আকবর হোসেন, পল্টন থানা যুবলীগের সাবেক সভাপতি আবু সাঈদ, নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য সামছুদ্দিন আহমেদ সেলিম, লাখাই উপজেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক রায়হান উদ্দিন রেহান, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সহ-সম্পাদক মেজবাহ উদ্দিন প্রিন্স, সিলেট মহানগর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মরিয়ম পারভীন, ঢাকা মহানগর উত্তর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির সরকার ওরফে গলাকাটা নাসির, নেত্রকোনা পূর্বধলা শ্রমিক লীগের সদস্য আলী হোসেন, নিকলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক খন্দকার এবং তালতলী থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান কামাল।
ডিবি জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও নাশকতা প্রতিরোধে এই ধরনের অভিযান চলমান থাকবে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে।


