ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের ভোটযাত্রাকে কেন্দ্র করে আশঙ্কা করা হয়েছিল বড় ধরনের যানজটের। তবে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে তেমন কোনো চাপ দেখা যায়নি। বরং এখানে ভেসে উঠেছে ভিন্ন চিত্র। ফেরিগুলোই এখন যানবাহনের জন্য অপেক্ষা করছে ঘাটে।
পাটুরিয়া ঘাট সংশ্লিষ্টরা জানান, ৩ ও ৫ নম্বর ঘাট দিয়ে নিয়মিত পারাপার কার্যক্রম চলছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত কিছুটা চাপ থাকলেও ভোরের পর পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়েছে। বর্তমানে কোনো দীর্ঘ সারি বা অতিরিক্ত চাপ নেই বলেও আশ্বস্ত করেন তারা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) উপমহাব্যবস্থাপক আব্দুস সালাম জানান, ১৪টি ফেরি পারাপারের জন্য প্রস্তুত রয়েছে। মঙ্গলবার রাত পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ হওয়ার আগে ঘাট এলাকায় চাপ ছিল উল্লেখ করেন তিনি।
তিনি জানান, বর্তমানে যানবাহনের তেমন চাপ নেই। ফেরিগুলোই এখন যানবাহনের অপেক্ষায় রয়েছে।
রাজবাড়ীর পাংশা থেকে আসা যাত্রী সোহেল মিয়া বলেন, ‘প্রায় ২০ মিনিট ধরে বসে আছি। ফেরি পূর্ণ হলেই দৌলতদিয়া প্রান্তে যাবো।’
অন্যদিকে ঘাট এলাকার ব্যবসায়ীরা জানান, বুধবার ভোরের পর বেচাকেনা কমে গেছে। পাটুরিয়া ঘাটের একটি হোটেলের কর্মচারী সোহাগ জানান, ভোর চারটা পর্যন্ত বিক্রি ভালো থাকলেও এরপর থেকে তেমন কোনো বিক্রি নেই।
সব মিলিয়ে ভোটযাত্রা ঘিরে আশঙ্কিত চাপ না থাকায় পাটুরিয়া ঘাটে স্বস্তির পরিবেশ বিরাজ করছে। প্রশাসন ও ঘাট কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে থাকলেও বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
এর আগে ভোটগ্রহণ ঘিরে দেশজুড়ে নেওয়া হয়েছে নানা ধরনের নিরাপত্তা ব্যবস্থা, জারি করা হয়েছে বিভিন্ন বিধিনিষেধ। সড়কে কোন ধরনের যানবাহন চলবে আর কোনগুলো চলাচল করতে পারবে না সেটিও ঠিক করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার যাত্রী বহনকারী অথবা দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের জন্য যেকোনো যানবাহন চলতে পারবে। সেক্ষেত্রে ফেরি চলাচলেও নেই কোনো বাধা।


