নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার সঠিক পথেই এগোচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপিসহ চারটি দলের বৈঠক প্রসঙ্গে ফখরুল বলেন, ‘প্রধান উপদেষ্টা হঠাৎ করেই আমাদের ডেকেছিলেন। ডাকেন মাঝে মাঝে যখন সরকারের ক্রাইসিস তৈরি হয়। আমরা যাই কারণ আমরা প্রতিশ্রুতিবদ্ধ-এই সরকারকে সহযোগিতা করব; গণতন্ত্রে উত্তরণের জন্য যা কিছু করা দরকার করব। তবে আমরা মনে করি, এই মতবিনিময়টা আরও ঘনঘন হলে ভালো হতো।’
মাইলস্টোন ট্র্যাজেডির বিষয়ে তিনি বলেন, ‘বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে অনেক কচি প্রাণ গেছে। আমি নিজেও দেখতে গিয়েছিলাম। আমরা দুঃখপ্রকাশ করেছি, শোক জানিয়েছি। উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার মাইলস্টোন স্কুলে দুই উপদেষ্টাকে অবরুদ্ধ করা হয়েছিল।’
‘আবার পরীক্ষা-সংক্রান্ত জটিলতায় সচিবালয়ে ছাত্ররা ঢুকে পড়ে, যেটা সবার কাছে মনে হয়েছে এটা প্রশাসনিক জটিলতা সৃষ্টি হয়েছে। কয়েকদিন আগে গোপালগঞ্জে ফ্যাসিস্ট শক্তির লোকজন যে পরিস্থিতি সৃষ্টি করেছিল, তাদের উত্থানের নমুনা মনে হয়েছিল।’
তিনি বলেন, ‘এ জন্য উনি (প্রধান উপদেষ্টা) বলেছেন, রাজনৈতিক দলগুলো ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন করেছিল; তাদের সবার সঙ্গে আলোচনার জন্য তিনি ডেকেছেন। আমরা সেখানে আলোচনা করেছি। নির্বাচন প্রক্রিয়াকে দ্রুত ত্বরান্বিত করা, উনার যে প্রতিশ্রুতি-ফেব্রুয়ারি-মার্চ মাঝামাঝি সময়ে যে নির্বাচন হবে, আমরা মনে করি সে ব্যবস্থা নেওয়া উচিত। তিনি বলেছেন সে ব্যবস্থা নেবেন।’
সরকার নির্বাচন নিয়ে সঠিক পথে এগোচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘আমি তো দেখছি এগোচ্ছে।’
অন্তর্বর্তী সরকারের সীমাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, ‘এ সরকারের ত্রুটি থাকবে স্বাভাবিক। তবে এই দুর্বলতাকে বড় করে না দেখে তাদের সদিচ্ছাকে বড় করে দেখা উচিত। নির্বাচন নিয়ে সরকারের আন্তরিকতার ঘাটতি দেখছি না।’


