নির্বাচনে বৃহৎ দলগুলোর আরও ঐক্য প্রয়োজন: তাহের

নির্বাচনে বৃহৎ দলগুলোর আরও ঐক্য প্রয়োজন: তাহের
জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। ফাইল ছবি
Advertisement
Advertisement

আগামী নির্বাচনের জন্য বৃহৎ রাজনৈতিক দলগুলোর ভেতরে আরও বেশি সমঝোতা, বোঝাপড়া এবং নীতিগত ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

তিনি বলেন, ‘দেশের এই অবস্থায় জাতীয় রাজনীতি এবং আগামী নির্বাচনের ব্যাপারে বৃহৎ দলগুলোর ভেতরে আরও বেশি বোঝাপড়া প্রয়োজন। আমি আবারও বলছি, বাংলাদেশের আজকের এই প্রেক্ষাপটে আগামী রাজনীতি ও নির্বাচনের জন্য বৃহৎ রাজনৈতিক দলগুলোর ভেতরে আরও বেশি সমঝোতা, বোঝাপড়া এবং নীতিগত ঐক্য প্রয়োজন।’

সোমবার দুপুরে গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতে ইসলামীর এই নেতা এসব কথা বলেন। পরে তিনি বাসায় ফেরেন।

তিনি বলেন, ‘আমি দেশবাসী, রাজনৈতিক দল, সবার প্রতি আহ্বান জানাব, আমরা আগামীতে আরও ধৈর্য ও প্রজ্ঞার সঙ্গে দেশকে প্রাধান্য দিয়ে যেন আমাদের কর্তব্য নির্ধারণ করি।’

‘আল্লাহর মেহেরবানিতে অনেকটা সুস্থ অবস্থায় বাসায় যাওয়ার জন্য বেরিয়েছি। আপনাদের মাধ্যমে দেশের মানুষ খবর পেয়েছে—আমার জন্য নানাভাবে দোয়া করেছেন, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, কাবা শরিফে দোয়া হয়েছে। আমি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি,’ যোগ করেন তিনি।

আরও পড়ুন

তিনি আরও বলেন, বিখ্যাত কার্ডিওলজিস্ট মনিরুজ্জামান তার টিমসহ আমাকে পরীক্ষা করছিলেন। আমার ব্লকটা ছিল পাথরের মতো শক্ত। স্বাভাবিকভাবেই স্টেন্ট করা কঠিন ছিল। তাৎক্ষণিকভাবে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল মনিরুজ্জামান, জাহাঙ্গীর কবির এবং কিডনির একজন অধ্যাপকের সমন্বয়ে।

‘তারা বিভক্ত হয়ে গিয়েছিলেন–ওপেন হার্ট সার্জারি করবেন নাকি আমাকে সিঙ্গাপুরে পাঠাবেন। কিন্তু আমরা বলেছি, আমি এখানেই স্টেন্ট করব। ব্লক ভালোভাবে স্টেন্টিং হয়েছে এবং আমি এখন সুস্থ আছি,’ বলেন তিনি।

তিনি বলেন, ‘আমি অত্যন্ত বেদনা, উৎকণ্ঠা ও আবেগের সঙ্গে বাংলাদেশের মানুষের প্রিয় নেত্রী খালেদা জিয়ার এ অবস্থায় আল্লাহর কাছে তার সুস্থতা কামনা করছি। আমি ব্যক্তিগতভাবে সাক্ষ্য দিতে পারি—খালেদা জিয়া একজন দেশপ্রেমিক ও গণতান্ত্রিক নেত্রী ছিলেন। বিগত ১৫ বছরে দেশ যেভাবে ভারতীয় দখলে গিয়েছিল। এটা আরও আগেই হতে পারত। কিন্তু তার দৃঢ়তার কারণেই সেটা হয়নি।’

তিনি আরও বলেন, ‘আজ তিনি শুধু কোনো দলের নেত্রী নন। পুরো দেশের মানুষের নেত্রী। তার প্রতি আমাদের আবেগ ও ভালোবাসা আছে। ব্যক্তিগতভাবে তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তার আরোগ্য কামনা করি।’

মো. তাহের বলেন, ‘জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ইতোমধ্যে তার সুস্থতা কামনা করে অনেক কর্মসূচি করেছি। আবারও জামায়াতের পক্ষ থেকে আল্লাহর কাছে তার সুস্থতা কামনা করছি।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad