নির্বাচনে দুই-একটা খুন-খারাবি হয়, সাবেক অর্থমন্ত্রী কিবরিয়াও খুন হয়েছেন: সিইসি

নির্বাচনে দুই-একটা খুন-খারাবি হয়, সাবেক অর্থমন্ত্রী কিবরিয়াও খুন হয়েছেন: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীন। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, ‘নির্বাচনে দুই-একটা খুন খারাবি হয়, হাদির একটা ঘটনা হয়েছে। আমরা এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি।’

সোমবার রাজধানী ঢাকার গুলশানে ‘ইয়ুথ ভোটার’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আগের তুলনায় উন্নতি হয়েছে মন্তব্য করে সিইসি জানান, দুই-একটা খুনের মত ঘটনা আগেও ঘটেছে। অতীতে নির্বাচনের সময় আহসান উল্লাহ মাস্টার ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াও খুন হয়েছেন।

অতীতে একাধিক দিন থানাগুলো কার্যত অচল ছিল মন্তব্য করে তিনি বলেন, ‘৫ আগস্ট ২০২৪ এর সময়কার পরিস্থিতির সঙ্গে তুলনা করলে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। এখন মানুষ নিরাপদে চলাফেরা করতে পারছে, রাতে শান্তিতে ঘুমাতে পারছে। এটাই প্রমাণ করে পরিস্থিতির উন্নতি হয়েছে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই উল্লেখ করে সবাইকে সঙ্গে নিয়েই নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে জানান সিইসি।

সিইসি বলেন, রোববার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা নির্বাচনের সময় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন। যেকোনো দুশ্চিন্তা ঝেড়ে ফেলে সবাইকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান সিইসি এএমএম নাসির উদ্দিন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad