ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনে পেশাদারত্ব, শৃঙ্খলা, ধৈর্য ধারণ ও নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রবিবার ময়মনসিংহ সফরে গিয়ে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। এদিন ত্রিশালে অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেনাপ্রধান।
মতবিনিময় সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সেনাপ্রধান নাগরিকবান্ধব আচরণ বজায় রেখে সাংবিধানিক দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
সফরকালে সেনাপ্রধান ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন করা সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরে সেনাবাহিনী প্রধান ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ উপলক্ষে তিনি অলিম্পিক অ্যাসোসিয়েশনের একটি বোর্ড সভায়ও অংশ নেন।
এ সময় জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ; জিওসি, ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, ঘাটাইল এরিয়া; মহাপরিচালক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার; সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ সেনাসদর ও ঘাটাইল এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


