রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে আন্দোলন কর্মসূচি শুরু করেছেন শিক্ষকরা। ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল পুনর্বিবেচনার দাবিতে এ আন্দোলন।
রোববার সকাল দশটা থেকে শিক্ষকরা এ অবস্থান কর্মসূচি ও সমাবেশ শুরু করেন। সারাদেশ থেকে দুই হাজারের অধিক শিক্ষক এখন প্রেসক্লাবের সামনে অবস্থান করছেন। জলকামান দিয়ে পানি ছিটিয়ে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও সফল হয়নি। শিক্ষকরা রাস্তার এক পাশে সরে গেলেও সড়কটিতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়নি।

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইভাতে বৈষম্য ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনেছেন পরীক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষকরা বলেন, ‘নিবন্ধন পরীক্ষার ফলাফলে বৈষম্য ও স্বেচ্ছাচারিতা করা হয়েছে। এ ফলাফল পুনঃবিবেচনা করে সনদ দিতে হবে।’
গত ৪ জুন ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশ করে এনটিআরসিএ। মৌখিক পরীক্ষায় অংশ নেন ৮১ হাজার ২০৯ জন পরীক্ষার্থী , তাদের মধ্যে ৬০ হাজার ৫২১ জন পাস করেছেন।
আন্দোলনরত শিক্ষকরা অভিযোগ করে বলেন, ‘প্রায় ২৩ হাজার ভাইভা বঞ্চিত প্রার্থী বৈষম্য ও জুলুমের শিকার। অনেকেই সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পরও ফেল করেছেন। এনটিআরসিএতে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর রয়েছে, তারা বর্তমান সরকারকে বিব্রত করতে চাচ্ছে।’
প্রকাশিত ফলাফলকে বৈষম্যমূলক উল্লেখ করে তা বাতিলের দাবি জানান শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।


