পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় নিখোঁজের তিনদিন পর মো. রাইয়ান মল্লিক (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, শিশুটির চাচা আব্দুল কাদের মল্লিক তাকে হত্যা করে মরদেহ লুকিয়ে রাখেন।
সোমবার রাত ১২টার দিকে নিহতের এক প্রতিবেশীর গোয়ালঘরের খড়ের গাদার ভেতর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
নিহত রাইয়ান ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের আতরখালী গ্রামের প্রবাসী রাসেল মল্লিকের ছেলে। সে স্থানীয় পশারিবুনীয়া আফছারিয়া নূরানী কিন্ডারগার্টেনের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
থানা ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার রাইয়ান বাড়ি থেকে নিখোঁজ হয়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর শিশুটির মা তন্নী আক্তার ভাণ্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে ভাণ্ডারিয়া থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে সোমবার রাতে খড়ের গাদার ভেতর থেকে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহত শিশুর মা তন্নী আক্তার বাদী হয়ে ভাণ্ডারিয়া থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


