নিউজিল্যান্ডের পর্যটক পরিবারের ওপর হামলা, উদ্ধার করল কোস্ট গার্ড

নিউজিল্যান্ডের পর্যটক পরিবারের ওপর হামলা, উদ্ধার করল কোস্ট গার্ড
নিউজিল্যান্ডের পর্যটকদের উদ্ধার করে কোস্ট গার্ড
Advertisement
Advertisement

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর সোনাদিয়া চরে দুষ্কৃতকারীদের আক্রমণ থেকে নিউজিল্যান্ডের একটি পর্যটক পরিবারকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। দুষ্কৃতকারীরা ওই পর্যটকদের বোটে হামলা ও মালামাল লুট করে। কোস্ট গার্ড তাৎক্ষণিক অভিযান চালিয়ে পর্যটকদের উদ্ধার করে।

বৃহস্পতিবার রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নিউজিল্যান্ডের নাগরিক জন অ্যাডওয়ার্ড পাদনি তার পরিবারের সদস্যদের নিয়ে বিশ্বভ্রমণের উদ্দেশ্যে ২০২৪ সালে টুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন। নিজস্ব পরিকল্পনার অংশ হিসেবে তারা একটি কাঠের বোটে সমুদ্রপথে বিশ্বভ্রমণের উদ্যোগ নেন। বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাংলাদেশ কোস্ট গার্ড নিরাপত্তাজনিত ঝুঁকি পর্যালোচনা করে তাদের এ ধরনের সমুদ্রযাত্রা থেকে নিরুৎসাহিত করে এবং চলতি বছরের ১ মার্চ প্রয়োজনীয় নিরাপত্তা নির্দেশনা দেয়। একই সঙ্গে তাদের পাসপোর্ট পর্যালোচনায় দেখা গেছে, চলতি বছরের ১৬ জানুয়ারি পাসপোর্টের মেয়াদও উত্তীর্ণ হয়েছে।

কোস্ট গার্ডের দাবি, কর্তৃপক্ষের নির্দেশনা উপেক্ষা করে ওই পর্যটকরা কক্সবাজার জেলার মহেশখালীর সোনাদিয়া চরে বোটসহ অবস্থান করছিলেন। ওই অবস্থায় বুধবার রাতে একদল দুষ্কৃতকারী তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

আরও পড়ুন

খবর পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের একাধিক আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় এবং পর্যটকদের উদ্ধার করে। পাশাপাশি ঘটনাস্থলসংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে লুট হওয়া অধিকাংশ মালামাল উদ্ধার করে ভুক্তভোগীদের কাছে হস্তান্তর করে।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের তথ্য মতে, পর্যটকদের বর্তমানে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে এবং তাদের পরবর্তী করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

এদিকে উদ্ধার পরবর্তী সময়ে জন অ্যাডওয়ার্ড পাদনি বাংলাদেশ কোস্ট গার্ডের দ্রুত ও কার্যকর পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad