নারীবান্ধব নীতি গ্রহণ করছে সরকার: মাহদী আমিন

নারীবান্ধব নীতি গ্রহণ করছে সরকার: মাহদী আমিন
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঢাকার বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ক্যাম্পাস অডিটরিয়ামে দুই দিনব্যাপী ‘ভিকিস মিনা বাজার ২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত এই মেলার শেষ দিন ছিল শনিবার। প্রতিষ্ঠানটির ৭৫ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী উদযাপনের অংশ হিসেবে এবং ৮ মার্চ বিশ্ব নারী দিবসকে সামনে রেখে এই আয়োজন করা হয়।

মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

মাহদী আমিন বলেন, নারীদের জন্য সহায়ক পরিবেশ গড়ে তুলতে সরকার বিভিন্ন নারীবান্ধব নীতি গ্রহণ করছে।

তিনি জানান, ‘ওয়ান স্টপ সলিউশন’ প্রকল্পের মাধ্যমে নারীদের জন্য একটি সমন্বিত ইকোসিস্টেম তৈরি করা হচ্ছে, যাতে গ্রামীণ নারীরা ক্ষুদ্র ও কুটির শিল্প গড়ে তুলতে পারেন।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় নারীদের নামে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা প্রদান করা হবে এবং নারী উদ্যোক্তাদের জন্য কর মওকুফসহ বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় সহায়তাও দেওয়া হবে।

নারীদের সুরক্ষা নিশ্চিত করতে উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ও আইনি সহায়তা দেওয়ার ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন

এ সময় আরও উপস্থিত ছিলেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ প্রধান অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাজেদা বেগম, বিভিন্ন শাখার প্রধান, শিক্ষকবৃন্দ, ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার ইফফাত গিয়াস ও নির্বাহী পরিচালক আফসানা আলমগীর খানসহ কার্যকরী পরিষদ ও এফবিটির সদস্যরা।

স্বাগত বক্তব্যে ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাহী পরিচালক আফসানা আলমগীর খান বলেন, নারীদের ভবিষ্যৎ নেতৃত্বে এগিয়ে নেওয়াই সংগঠনের প্রধান লক্ষ্য।

বন্ধুত্বের বন্ধন ও উদ্যোক্তাদের স্বপ্নকে সামনে রেখে এবারের ‘ভিকিস মিনা বাজার ২০২৬’ আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ প্রধান অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাজেদা বেগম বলেন, কারিকুলাম ও শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষাবান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে প্রতিষ্ঠানটিকে বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।

অনুষ্ঠানে ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন সভাপতি ইফফাত গিয়াস সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথির কাছে ভিকারুননিসা নূন স্কুলের ভর্তি প্রক্রিয়া লটারিমুক্ত করার অনুরোধ জানান।

তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে শিক্ষার মান উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করবে ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি নারী উদ্যোক্তাদের মধ্যে সেরা স্টলের জন্য স্মারক প্রদান করেন এবং উদ্যোক্তাদের সঙ্গে সময় কাটান। এবারের মিনা বাজারে ভিকারুননিসার নারী উদ্যোক্তাদের পরিচালিত প্রায় ৪৫টি স্টল ছিল।

স্টলগুলোতে দেশি-বিদেশি শাড়ি, তৈরি পোশাক, আধুনিক জুয়েলারি, প্রসাধনী, ঘর সাজানোর সামগ্রীসহ বিভিন্ন পণ্য ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর