নাটোরের লালপুরে সাজিদ জুট মিলে ডাকাতির ঘটনায় সংঘবদ্ধ ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ ও ব্যাটারীচালিত ভ্যান জব্দের পাশাপাশি ডাকাতি হওয়া আংশিক মালমাল উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার এ তথ্য জানান।
পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক জানান, গত ৩০ মে গভীর রাতে নাটোরের লালপুর উপজেলার শ্রীরামগাড়ি এলাকার সজিদ জুট মিলে ১২ থেকে ১৪ জনের একটি সশস্ত্র ডাকাত দল হানা দেয়। পরে মিলে কর্মরতদের জিম্মি করে হাত-পা বেঁধে তাদের মোবাইল ফোন কেড়ে নেয়। এরপর চারঘন্টা ধরে চলে ডাকাতি।
পরে ডাকাতরা মিলের ট্রান্সফরমার, সাব স্টেশনের মালামাল, বৈদ্যুতিক তার, ব্যাটারী, মোটর, স্পেয়ার পার্সসহ ৮৩ লাখ ৬০ হাজার টাকা মুল্যের বিভিন্ন যন্ত্রপাতি ট্রাক বোঝাই করে নিয়ে যান। সঙ্গে নগদ দুই লাখ টাকাও হাতিয়ে নেন তারা।
পরে থানায় মামলা হলে পুলিশ অভিযানে নেমে তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার পাবনার আটঘরিয়া থেকে মাহাতাব, সেলিম, লিটন, সাদ্দাম, খালেক, সাগর নামে সংঘবদ্ধ ডাকাত চক্রের ছয়জনকে গ্রেপ্তার করে।
পরে তাদের তথ্যের ভিত্তিতে ৩০০ কেজি তামার তার, ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, ব্যাটারী চালিত চার্জার ভ্যান, পাঁচটি মোবাইল ফোন, নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। ডাকাতিতে জড়িত অন্যদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত আছে।


