নাটোরের সিংড়ায় এক সহকারী অধ্যাপককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলা জিয়া পরিষদের সদস্য ছিলেন।
বুধবার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার ৪ নম্বর কলম ইউনিয়নের কুমারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) ইফতে খায়ের আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের নাম মো. রেজাউল করিম (৫৩)। তিনি ওই গ্রামের বাসিন্দা এবং বিল হালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।
স্থানীয়রা জানায়, বুধবার রাতে বেশ কয়েকটি মোটরসাইকেল যোগে কয়েকজন সন্ত্রাসী রেজাউল করিমের বাড়ির সামনে এসে তাকে ডাক দেয়। তিনি বাড়ির বাইরে এলে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ও জবাই করে পালিয়ে যায়।
কারা, কী কারণে রেজাউল করিমকে হত্যা করেছে, সে বিষয়ে এখনো কোনো ধারণা পায়নি পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) ইফতে খায়ের আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।


