ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাঈম উদ্দীনের ওপর পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণতান্ত্রিক ছাত্রজোট।
মঙ্গলবার সন্ধ্যায় আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে মিছিল বের করেন। মিছিলটি ভিসি চত্বর ও হলপাড়া প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়। এ সময় তারা ‘ক্যাম্পাসে ছাত্র মারে, ডাকসু কী করে’, ‘নাঈমের ওপর হামলা কেন, প্রশাসন জবাব দাও’সহ বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ মিছিল শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সংগঠনটির নেতারা রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদকে অপসারণসহ ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবি জানান।
সমাবেশে ভুক্তভোগী শিক্ষার্থী নাঈম উদ্দীন বলেন, ‘অপরাধ প্রমাণিত হওয়ার আগেই পুলিশের যে বেপরোয়া ও গণবিরোধী আচরণ, তা এ ঘটনায় স্পষ্ট হয়েছে।’ তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দেওয়ার পরও যদি পুলিশের ভূমিকা এমন আগ্রাসী হয়, তাহলে সাধারণ রিকশাচালক, দিনমজুর, গার্মেন্টস শ্রমিকসহ খেটে খাওয়া মানুষের প্রতি রাষ্ট্র কতটা বৈষম্যমূলক আচরণ করে, তা সহজেই অনুমেয়।
বিক্ষোভ সমাবেশে বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক নুজিয়া হাসিন রাশা সংহতি জানিয়ে বলেন, শাসকগোষ্ঠী পরিবর্তন হলেও সাধারণ মানুষের প্রতি দমন-পীড়নের চিত্রে মৌলিক পরিবর্তন আসেনি। তিনি অভিযোগ করেন, ছাত্র প্রতিনিধিত্বকারী সংগঠনগুলো এ ঘটনায় কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ বলেন, ‘পুলিশের পোশাক বদলালেও তাদের আচরণে পরিবর্তন আসেনি। রাষ্ট্রব্যবস্থার যে দমনমূলক চরিত্র, তা এখনও বহাল রয়েছে।’
সমাবেশ থেকে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানানো হয়।


