বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশফাঁড়ী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চোরাচালানের মালামালসহ মিয়ানমারের নাগরিকসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার দুপুরে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সদস্যরা এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, বাইশফাঁড়ী বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৩৭/২ এস থেকে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বাইশফাঁড়ী বিওপির গেইট সংলগ্ন সড়কে চোরাচালান বিরোধী অভিযান চালায়। এ সময় চোরাচালানী করা মালামালসহ দুইজনকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে একজন মিয়ানমারের নাগরিক নাই জাও (৩৮) এবং অন্যজন বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা ছৈপুচিং তংচংগ্যা (২০)।
বিজিবি কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটক আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত সিএনজি ও অন্যান্য চোরাচালানী মালামালসহ আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


