রংপুরে ১০ তলা আবাসিক হোটেল নর্থভিউয়ের ছাদ থেকে পড়ে নুসরাত জাহান নামের এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার পৌনে ৬টার দিকে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডের ওই হোটেলের ১০ তলার ছাদের রুফটপ রেস্টুরেন্টের রেলিং থেকে নিচে পড়ে তার মৃত্যু হয়।
নিহত নুসরাত জাহান নগরীর খলিফাপাড়া এলাকার সাবেক সেনা সদস্য নজরুল ইসলামের কন্যা। তিনি এবার রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিকাল ৪টা ৫৪ মিনিটে ওই তরুণী হোটেলটির ছাদে রুফটপ রেস্টুরেন্টে যান। সেখানে ঘণ্টাব্যাপী তাকে মোবাইল ফোন ব্যবহার করতে দেখা যায়। পরবর্তীতে ৫টা ৪২ মিনিটে তিনি ছাদের রেলিংয়ে উঠে বসেন এবং সেখান থেকে নিচে পড়ে যান। নিচে সড়কে পড়লে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এই ঘটনার পর সেখানে শত শত মানুষ ভিড় জমান এবং খবর পেয়ে মহানগর পুলিশ ও সিআইডি ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে তার কাছে থাকা কলেজের পরিচয়পত্র থেকে পরিচয় নিশ্চিত হয় পুলিশ। সিআইডি ঘটনাস্থল রেকি করার পর মরদেহ উদ্ধার করে পাশেই মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
খবর পেয়ে নুসরাতের বাবা-মা, পরিবারের লোকজন, সহপাঠী ও শিক্ষকরা সেখানে ছুটে আসেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এক প্রেস ব্রিফিংয়ে মহানগর উপপুলিশ কমিশনার (গোয়েন্দা) সনাতন চক্রবর্তী জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। নিহতের মোবাইল ফোন জব্দ করা হয়েছে, তবে তার মোবাইলে ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মতো কোনো চ্যাটিং অ্যাপ ছিল না। ঘটনাটি সুইসাইডাল, এক্সিডেন্টাল নাকি হোমিসাইডাল তা তদন্ত করা হচ্ছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


