ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর ও রায়পুরা উপজেলার সীমান্তবর্তী স্থানে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ।
বুধবার দুপুরে মহাসড়কের রায়পুরার মরজাল হ্যাভেন হাইওয়ে রেস্টুরেন্ট প্রাঙ্গণ থেকে ঝটিকা মিছিলটি বের হয়ে কিছুদূর সামনে গিয়েই শেষ হয়। এ সময় মিছিলকারীদের মধ্য থেকে একজন ফেসবুকে লাইভ করেন। মিছিল শেষে অংশগ্রহণকারীরা দ্রুত সটকে পড়েন।
স্থানীয় সূত্র জানায়, মিছিলে অংশ নেন রায়পুরা উপজেলার মরজাল গ্রামের যুবলীগ নেতা বেদন, শিবপুর উপজেলার রফিক ও প্রিন্স ইমনসহ ২০ থেকে ২৫ জন।
এদিকে ভিডিওতে দেখা গেছে, মরজাল ইউনিয়ন যুবলীগের ব্যানারে মিছিলকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু; শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে; মরজাল ইউনিয়ন যুবলীগ-নেতা মোদের শেখ মুজিব; শেখ হাসিনার ভয় নাই-রাজপথ ছাড়ি নাইসহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় সাত মিনিট অবস্থান করে।
এ বিষয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনূর মিয়া জানান, এ ঘটনার তদন্ত চলছে, তাদের নাম পরিচয় বলা যাবে না।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন, ‘ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর ও রায়পুরার বর্ডারে ১৫/২০ জনের মত যুবক জড়ো হয়েছিল। ইতোমধ্যে আমরা পাঁচজনকে শনাক্ত করেছি। এদের মধ্যে তিনজনের বাড়ি রায়পুরা উপজেলার মরজালে ও দুইজনের বাড়ি শিবপুর উপজেলায়। বাকিদের শনাক্ত করার চেষ্টা চলছে। মিছিলে অংশগ্রহণকারীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’


