চলতি বছরের নভেম্বর মাসে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক এবং রাজনৈতিক ও নির্বাচনী সহিংসতার চরম পরিণতি হয়েছে বলে দাবি করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।
বুধবার সংগঠনটির নভেম্বর মাসের মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, নভেম্বর মাসে অন্তত ৯৬টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ১২ জন নিহত এবং ৮৭৪ জন আহত হয়েছেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিংসতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে বলেও উল্লেখ করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, নভেম্বরে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ২৩টি ঘটনায় ৩৬ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। এর মধ্যে ২২ জন সাংবাদিক আহত এবং ১১ জন হুমকির সম্মুখীন হয়েছেন।
নভেম্বরে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, এ মাসে অন্তত ২০টি গণপিটুনি ও মব সহিংসতার ঘটনা ঘটেছে, যেখানে ১৬ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।
এ ছাড়া এ মাসে ১৭৭ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন, বিএসএফের গুলিতে ১ জন নিহত হয়েছেন, আরাকান আর্মির হাতে ২৬ জন বাংলাদেশি জেলে আটক হয়েছেন, পুলিশ হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু হয়েছে এবং দেশের কারাগারে অন্তত ১২ জন কয়েদি মারা গেছেন বলেও প্রতিবেদনে জানানো হয়।
সরকারকে আরও জবাবদিহিমূলক ও দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে সংগঠনটি।


