ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে দলের নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে বিএনপি।
শুক্রবার ৬ মার্চ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মশালায় স্থানীয় উন্নয়ন, নীতিমালার কার্যকর প্রয়োগ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তদারকি, দুর্নীতি প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার কৌশল নিয়ে সংসদ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে।
এছাড়াও প্রথমবার নির্বাচিত সংসদ সদস্যদেরকে সংসদীয় কার্যক্রম, বিল-বাজেট প্রক্রিয়া, স্থায়ী কমিটির কাজ ও মন্ত্রণালয় পরিচালনার কৌশলগত দিক সম্পর্কে ধারণা দেওয়া হবে। অভিজ্ঞ সাবেক আমলা, শিক্ষাবিদ ও সাবেক সংসদ সদস্যরা এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন।
প্রথম দিন শুক্রবা সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা প্রশিক্ষণে অংশ নেবেন। বিকাল আড়াইটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত দ্বিতীয় সেশনে রংপুর, রাজশাহী, ঢাকা ও ফরিদপুর বিভাগের সংসদ সদস্যরা অংশ নেবেন।
শনিবার দ্বিতীয় দিন সকালের সেশনে ঢাকা জেলা, বৃহত্তর ফরিদপুর ও ময়মনসিংহ বিভাগের সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন। বিকালের সেশনে অংশ নেবেন সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা।


