নতুন করে ফ্যাসিবাদের উৎপত্তি হতে দেওয়া হবে না: সালাহউদ্দিন

নতুন করে ফ্যাসিবাদের উৎপত্তি হতে দেওয়া হবে না: সালাহউদ্দিন
শনিবার সন্ধ্যায় ভরামুহুরী এলাকায় সম্প্রীতি সমাবেশে বক্তব্য দেন সালাহউদ্দিন আহমদ | ছবি: টাইমস
Advertisement
Advertisement

বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদের উৎপত্তি হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, ‘এ দেশে নতুন করে কোনো স্বৈরাচার বা ফ্যাসিবাদের উৎপত্তি হতে দেওয়া হবে না। জনগণের ঐক্য হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরোধ।’

শনিবার সন্ধ্যায় চকরিয়া পৌরসভার ভরামুহুরী এলাকায় সনাতন-বৌদ্ধ-খ্রিষ্টান সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, ‘মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন, দুঃখজনকভাবে সেই স্বপ্ন বারবার হোঁচট খেয়েছে। গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। আমরা আর সেই পথে যেতে চাই না।’

তিনি আরও বলেন, ‘গণঅভ্যুত্থানের শহীদেরা, আমাদের সন্তানেরা এবং মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন দেখেছিলেন; সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সেই স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হবে। বিভাজনের রাজনীতি নয়, ঐক্যের রাজনীতিই আমাদের সামনে এগিয়ে নেবে।’

আরও পড়ুন

দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘এ দেশ আমাদের সবার। সনাতন, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান–সবার রক্ত আর ত্যাগে এই বাংলাদেশ। এখানেই আমাদের জন্ম, এখানেই আমাদের মৃত্যু। আমাদের এখানেই মিলেমিশে থাকতে হবে।’

গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন বলেন, ‘শহীদদের স্বপ্ন পূরণের বাংলাদেশ গড়তে হলে আগে গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।’

তিনি বলেন, ‘বিএনপি বিশ্বাস করে–ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে যারা রাজনীতি করতে চায়, তাদের জনগণই প্রত্যাখ্যান করবে।’

সমাবেশে সনাতন, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের স্থানীয় নেতৃবৃন্দ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad