নজরুলের সমাধিসৌধে সমাহিত হবেন হাদি: ঢাবি প্রক্টর

নজরুলের সমাধিসৌধে সমাহিত হবেন হাদি: ঢাবি প্রক্টর
জাতীয় কবি কাজী নজরুলের সমাধিসৌধেই চিরনিদ্রায় শায়িত হবেন ওসমান হাদি। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হবে বলে নিশ্চিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার রাত ১২ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাবি প্রক্টর সাইফুদ্দীন আহমদ। বিদ্রোহী কবি কাজী নজরুলের পাশে ওসমান হাদিকে দাফনের বিষয়ে তার পরিবারের অনুরোধকে গুরুত্ব দিয়ে এদিন রাত সাড়ে ১০ টার দিকে জরুরি অনলাইন বৈঠকে বসে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

ঢাবি প্রক্টর জানান, হাদির পরিবারের চাওয়া এবং সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের চিঠির প্রেক্ষিতেই তাকে নজরুলের সমাধিসৌধে সমাহিত করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সমাধিসৌধে কোন জায়গা খালি আছে এ বিষয়ে তাদের একটা নোট দেওয়া হয়েছিল বলেও জানান তিনি।

আরও পড়ুন

এদিকে ওসমান হাদির দাফন ঘিরে বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তাজনিত বিষয়ে সিন্ডিকেটের অনলাইন বৈঠকে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন সাইফুদ্দীন আহমদ।

গত ১২ ডিসেম্বর নির্বাচনি প্রচারে অংশ নিয়ে ফেরার পথে ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। পাশের একটি চলন্ত মোটরসাইকেল থেকে অটোরিকশায় থাকা হাদিকে গুলি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার পর তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে সেখানেই মারা যান ওসমান হাদি। শুক্রবার সন্ধ্যায় তার মরদেহ বহনকারী বিমান দেশে এসে পৌঁছায়। এরপর রাতে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের হিমঘরে হাদির মরদেহ রাখা হয়।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর