তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা মানুষের মধ্যে দেশপ্রেম, মানবপ্রেম, প্রকৃতির প্রতি ভালোবাসা এবং আত্মত্যাগের প্রেরণা জাগিয়ে তোলে।
শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, যারা শৈশব ও কৈশোরে নজরুলের কবিতা পড়ে বড় হয়েছেন, তাদের মনোজগৎ গঠনে কবির গভীর প্রভাব রয়েছে। তিনি বলেন, ‘কৈশোরে যারা নজরুলের কবিতা পড়ে, তাদের মধ্যে দেশপ্রেম, মানবপ্রেম, প্রকৃতির প্রতি ভালোবাসা এবং নিজের জীবনকে উৎসর্গ করার অনুপ্রেরণা তৈরি হয়।’
জহির উদ্দিন স্বপন বলেন, খুব স্বল্প সময়ের কর্মজীবনে নজরুল যে অসামান্য সৃষ্টিশীলতার পরিচয় দিয়েছেন, তা পৃথিবীর ইতিহাসে বিরল। কবিতা, গল্প, উপন্যাস, নাটক ও সংগীতসহ সাহিত্যের নানা ক্ষেত্রে তার অবদান আজও সমানভাবে প্রাসঙ্গিক।
তিনি আরও বলেন, নজরুলের সাহিত্য ও চেতনা শুধু ব্যক্তিমানুষ নয়, জাতির সামষ্টিক চেতনাকেও গভীরভাবে প্রভাবিত করেছে। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ কিংবা সাম্প্রতিক গণঅভ্যুত্থান—সব ক্ষেত্রেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস ও আত্মত্যাগের মানসিকতায় নজরুল চেতনার প্রভাব রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বর্তমান প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, নজরুলের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং তা জাতির সমষ্টিগত চেতনায় রূপান্তর করা এখন সময়ের দাবি।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। এ ছাড়া মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন কবি ও লেখক হাসান হাফিজ এবং আলোচক হিসেবে বক্তব্য রাখেন নজরুল গবেষক ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান।


