বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে শনিবার রাজধানীর ১৬টি স্থানে এ সহায়তা দেওয়া হবে।
বিএনপির মিডিয়া সেলের একজন সদস্য জানান, ঢাকা মহানগরের ১৫টি সংসদীয় আসন এবং বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেসহ মোট ১৬টি স্থানে এসব সামগ্রী বিতরণ করবেন বিএনপি চেয়ারম্যান।
এ ছাড়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আয়োজনে প্রতি বছরের মতো এবারও মিলাদ, দোয়া মাহফিল ও খাবার বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছে।
নির্ধারিত প্রতিটি স্থানে স্থানীয় সংসদ সদস্য ছাড়াও মন্ত্রিপরিষদের সদস্য এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত থাকবেন।


