ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেড়শ পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। নির্বাচনের সিডিউল ঘোষণার সময় থেকে গেজেট প্রকাশ করা পর্যন্ত থাকবে ইইউ টিম। পাশাপাশি সার্বক্ষণিক নির্বাচনের সার্বিক বিষয়ে মূল্যায়ন করতে চায় দলটি। এজন্য ইইউ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের (ইসি) মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্বাক্ষর হবে বলেও জানান তিনি।
সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইইউ এর প্রাক-নির্বাচনী বিশেষজ্ঞ দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান ইসি সচিব।
তিনি বলেন, ‘পর্যবেক্ষকদের সবাই এক সঙ্গে আসবেন না। তারা তফসিল ঘোষণার পর বিভিন্ন সময় আলাদা আলাদাভাবে ভাগ হয়ে আসবেন। ইউরোপীয় ইউনিয়নের একটি টিম আমাদের সঙ্গে দেখা করেছেন।’
‘একটি অ্যাসেসমেন্ট টিম হিসেবে আমাদের সঙ্গে সাক্ষাত করে গেছেন। তারা কয়েকটি বিষয়ে “ক্লারিফিকেশন” চেয়েছেন। তারা আমাদের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সভা হবে,’ বলেন তিনি।
ইসি সচিব বলেন, ‘তারা জানতে চেয়েছেন ভোটকেন্দ্র, গোপন কক্ষে ঢুকতে পারবেন কিনা, ভোট কাউন্টিংয়ে থাকতে পারবেন কিনা। সিডিউল ঘোষণার পর থেকে নির্বাচনের শেষ পর্যন্ত থাকবে। গেজেট হওয়া পর্যন্ত কিভাবে রেজাল্ট প্রকাশ করা হয় সেটাও দেখতে চান।’
‘এরই মধ্যে আমাদের কাজের অগ্রগতি নিয়ে টিমটি সন্তোষজনক। আমাদের ভোটার তালিকা আপডেপসহ নানা কাজের বিষয়ে তারা জানতে চেয়েছেন। নতুন ভোটারদের নেওয়ার বিষয়টি নিয়ে খুশি। তারা সবকিছু দেখে গেছেন, সামনে একটা দল আবারও আসবে’ বলেও জানান তিনি।


