সামাজিক মাধ্যমে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় আরও দুই শিক্ষার্থীর বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফউদ্দিন আহমেদ টাইমস অব বাংলাদেশকে একথা জানান।
বহিষ্কৃত শিক্ষার্থী আবরার ফাইয়াজ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র। অন্য দুই অভিযুক্ত আইবিএর বিবিএ-৩০ ব্যাচের শিক্ষার্থী।
প্রক্টর স্বাক্ষরিত এক চিঠিতে বুধবার বলা হয়, আবরার ফাইয়াজকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
আবরারের বিরুদ্ধে করা অভিযোগে জানানো হয়, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে মুসলিম সম্প্রদায়ের প্রতি ‘অবমাননাকর ও ঘৃণাসূচক’ মন্তব্য করেন।
এমন অভিযোগে ২৬ অক্টোবর আবরার ফাইয়াজের বিরুদ্ধে সহকারী প্রক্টর এ এফ এম মোস্তাফিজুর রহমানকে আহ্বায়ক করে তিনজন সদস্য নিয়ে একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়।
অনুসন্ধান কমিটিকে অভিযোগের সত্যতা যাচাই, প্রমাণ সংগ্রহ এবং প্রয়োজনীয় সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন তিন (৩) কার্যদিবসের মধ্যে দাখিল করার কথা বলা হয়। কমিটির সুপারিশ এবং ভিসির অনুমোদনের পরিপ্রেক্ষিতে আবরার ফাইয়াজকে বিশ্ববিদ্যালয় থেকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হলো।
এছাড়া, ধর্ম অবমাননার অভিযোগে নতুন করে আরও এক শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে।
প্রক্টর সাইফউদ্দিন বলেন, ‘পদার্থবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী সনাতন ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়েও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


