দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৪৫৯ জন হাম রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে ১ হাজার ৩৪১ জন সন্দেহজনক এবং ১১৮ জন ল্যাব-নিশ্চিত।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৫০০ জনে। ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া রোগীর সংখ্যা ৬ হাজার ৯৩৭ জন।
২৪ ঘণ্টায় যে ছয়জনের মৃত্যু হয়েছে তার মধ্যে তিনজন ঢাকা বিভাগের, দুইজন চট্টগ্রাম এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। এখন পর্যন্ত হামে মোট সন্দেহজনক মৃত্যুর সংখ্যা ৩৫০ জন এবং নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৬৫ জন।
হাসপাতালগুলোর তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৩৫ হাজার ৯৮০ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩১ হাজার ৯৯২ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭১ জন এবং ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৩০ জন।
অন্যদিকে, জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি ২০২৬-এর কার্যক্রম পুরোদমে চলছে। ৫ এপ্রিল থেকে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় এখন পর্যন্ত মোট ১ কোটি ৭৯ লাখ ৯৯ হাজার ৯৭৬ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে, যা লক্ষ্যমাত্রার ১০১ শতাংশ। এ সময় সারা দেশে ১ লাখ ৪৪ হাজার ৬২৬ জন শিশুকে টিকা প্রদান করা হয়েছে।
সিটি করপোরেশনগুলোর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে লক্ষ্যমাত্রার ১০৩ শতাংশ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯৯ শতাংশ টিকা দান সম্পন্ন হয়েছে।
এ ছাড়া গাজীপুর সিটি করপোরেশনে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি অর্থাৎ ১২৬ শতাংশ কাভারেজ অর্জিত হয়েছে।


