দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ায় সাধারণ মানুষের নিরাপত্তা হুমকির মুখে রয়েছে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতি সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তাকে চরমভাবে হুমকির মুখে ফেলেছে। এই ভয়াবহ অবস্থা অবিলম্বে নিয়ন্ত্রণে এনে প্রতিটি নাগরিকের জানমাল রক্ষা করা এখন অত্যন্ত জরুরি।’
বৃহস্পতিবার রাতে বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে মির্জা ফখরুল জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে সন্ত্রাসীরা গুলি করে গুরুতর আহত করেন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
এই হামলার নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল। একইসঙ্গে দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে এ অপরাধের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
বিএনপির মহাসচিব বলেন, এ ধরনের সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে দেশের নির্বাচনকে বাধাগ্রস্ত করা এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে রুদ্ধ করার যেকোনো অপচেষ্টা দেশের জনগণ কখনোই মেনে নেবে না। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে বলেও আশাবাদী তিনি।


