দুই দফা বেড়ে দেশের বাজারে আবারও সোনার দাম কমেছে। এতে ৩ হাজার ২৮১ টাকা কমে ২২ ক্যারেটের ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৫ হাজার ২৭৫ টাকায়।
সোমবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং-এর এক জরুরি সভায় নতুন দামের এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন দাম এদিন দুপুর ১২টা ১৫মিনিট থেকে সারা দেশে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভ্যাটসহ সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ১৫০ টাকা কমে হয়েছে ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৬৮২ টাকা কমে হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা।
এ ছাড়াও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে। সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে নতুন কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে কারিগররা গয়নার ডিজাইন অনুযায়ী মজুরি রাখতে পারবেন।
চলতি বছরে দেশের বাজারে এখন পর্যন্ত ৮৭ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৩ দফা দাম বাড়ানো হয়েছে, ৪৩ দফা কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
সোনার দামের পাশাপাশি দেশের বাজারে রূপার দামও নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৮৯৯ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।


