দেবতাখুম ভ্রমণে নিষেধাজ্ঞা

দেবতাখুম ভ্রমণে নিষেধাজ্ঞা
দেবতাখুম ভ্রমণে পর্যটকরা। ছবি: ট্রাভেলার্স বাংলাদেশের ফেসবুক গ্রুপ থেকে নেওয়া
Advertisement
Advertisement

জনপ্রিয় পর্যটনকেন্দ্র দেবতাখুমে এক সপ্তাহের জন্য পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছেন।

সেখানে বলা হয়েছে, টানা ভারী বর্ষণের কারণে পার্বত্য জেলার বিভিন্ন নদী, ছড়া ও ঝিরিতে পানিপ্রবাহ আশঙ্কাজনকভাবে বেড়েছে। বেশ কয়েকটি এলাকায় পাহাড়ধসের ঝুঁকিও দেখা দিয়েছে। এ অবস্থায় দেবতাখুমে যাতায়াত ও অবস্থান নিরাপদ নয়। পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে আজ বিকেল থেকে ২৫ জুন পর্যন্ত দেবতাখুমে ভ্রমণে নিষেধাজ্ঞা থাকবে।

বিজ্ঞপ্তিতে স্থানীয় পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ, প্রচার-প্রচারণা চালানো এবং তদারকির নির্দেশ দেওয়া হয়েছে।

আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা বলেছেন, বর্ষাকালে তারাছা খালের দেবতাখুম অংশ প্রায় সময়ই বিপজ্জনক হয়ে ওঠে। ১০ জুন হঠাৎ নেমে আসা পাহাড়ি ঢলের মুখে পড়েছিলেন কয়েকজন পর্যটক। ট্যুর গাইডদের দ্রুত ও সাহসী ভূমিকায় তারা রক্ষা পান। না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

বান্দরবান শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে রোয়াংছড়ি উপজেলার শীলবাঁধা পাড়ায় দেবতাখুম-এর অবস্থান। কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর বিরুদ্ধে যৌথ অভিযানের কারণে দীর্ঘ ১৫ মাস বন্ধ থাকার পর জেলার রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটন স্পট গত ১১ ফেব্রুয়ারি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়।

বৈরি আবহাওয়ার কারণে ফের পর্যটক ভ্রমনে নিষেধাজ্ঞা জারি করা হলো।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad