পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, প্রধানমন্ত্রীর উদ্যোগ বাস্তবায়নে দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে।
শনিবার দুপুরে পঞ্চগড়ের বোদা পৌরসভার দুলালতলী বাধ এলাকার খাল পূর্ণ খনন কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন।
এসময় ফরহাদ হোসেন আজাদ বলেন, বিগত সময়ের কারণে পানি উন্নয়ন বোর্ড সম্পর্কে মানুষের খারাপ ধারণা তৈরি হয়েছে। সেই ধারণা পাল্টাতে খননের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের পানি উন্নয়ন বোর্ড নিয়ে মানুষের একটা খারাপ ধারণা আছে। সেই পারসেপশন থেকে আমরা পানি উন্নয়ন বোর্ডকে ফিরিয়ে আনব।’
তিনি বলেন, ‘পানি উন্নয়ন বোর্ড নদী, খাল, জলাশয় খননের ক্ষেত্রে কাজ করবে ছয় থেকে সাত মাস। সেটা ফেব্রুয়ারি থেকে এপ্রিল অথবা মে পর্যন্ত। বর্ষাকালে জরুরি কোন বিষয় ছাড়া কোনো জায়গায় নদী খনন বা খাল খনন বা জলাশয় খননে আমরা কোনো ব্লক ফেলব না।’
প্রতিমন্ত্রীর বিশ্বাস, ‘আমাদের মন্ত্রণালয়ে যে পরিকল্পনা নিয়েছে, সেই পরিকল্পনা বাস্তবায়ন করব। শুধু বাস্তবায়ন করা না, পরবর্তীতে যারা সরকারে আসবেন তারাও যেন এর সুবাতাস পায় সেজন্য সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে।’
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।


