বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের হিন্দু সম্প্রদায়কেকে শুভেচ্ছা জানিয়েছেন।
রোববার এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘বাংলাদেশের ধর্মীয়-সামাজিক মূল্যবোধের সৌন্দর্য হলো বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব।’
তারেক রহমান হিন্দু সম্প্রদায়কে উৎসবের আনন্দ উদযাপন করতে আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা উৎসাহ-উদ্দীপনা নিয়ে উৎসব উদযাপন করুন এবং সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্র প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নিয়ে কাজ করছে এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক কর্তব্য।’
ধর্মীয় সম্প্রীতি নিয়ে তিনি পবিত্র হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘যে ব্যক্তি রাষ্ট্রের নিরাপত্তাপ্রাপ্ত অমুসলিমকে নির্যাতন করে বা তার অধিকার খর্ব করে, কেয়ামতের দিন আমি সেই ব্যক্তির বিরুদ্ধে লড়ব।’
ফ্যাসিবাদী শাসনামলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি হওয়ার অভিযোগ তুলে তারেক রহমান বলেন, ‘এমন পরিস্থিতি যেন আর সৃষ্টি না হয়, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান।’
তিনি বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার।’


