দিনাজপুরে ‘ভূত’ আতঙ্কে হুড়োহুড়ি, আহত অর্ধশতাধিক

দিনাজপুরে ‘ভূত’ আতঙ্কে হুড়োহুড়ি, আহত অর্ধশতাধিক
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল | ছবি: টাইমস
Advertisement
Advertisement

দিনাজপুর সদর উপজেলায় চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান ‘নর্থ হেয়ার প্রোডাক্ট বিডি কোম্পানি লিমিটেড’-এ ‘ভূত’ আতঙ্কে কারখানা চত্বর উত্তাল হয়ে উঠেছে।

বুধবার সকালে বড়ইল গ্রামে অবস্থিত ওই কারখানায় হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়লে হুড়োহুড়িতে অন্তত অর্ধশতাধিক নারী শ্রমিক আহত ও অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অবস্থায় ১২ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকরা প্রতিদিনের মতো কাজ করছিলেন। হঠাৎ করে কারখানার ভেতরে এক অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে নারী ও কিশোরী শ্রমিকরা দিগ্‌বিদিক ছোটাছুটি শুরু করেন। এ সময় কারখানা থেকে বের হতে গিয়ে হুড়োহুড়িতে অন্তত ৫০ জন শ্রমিক আহত ও অসুস্থ হয়ে পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি ঠিক করেন। পরে অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন রুনা খাতুন (২২), শিউলি (৪৫), রুবিনা খাতুন (৬২), গীতা রানী (৪০), নুপুর (১২), শারমিন (১৮), জান্নাতুল ফেরদৌস (২৫), রেশমা (৩৫), লাবনী আক্তারসহ (১৯) আরও কয়েকজন। আহতদের স্বজনরা কারখানার কর্মপরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

আরও পড়ুন

হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক রবিউল ইসলাম জানান, ভর্তি হওয়া রোগীদের মধ্যে অনেক আতঙ্ক দেখা গেছে। আতঙ্কের প্রভাবে অনেকের শ্বাসকষ্ট দেখা দেয়। তবে বর্তমানে তারা আশঙ্কামুক্ত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আলিম বলেন, শ্রমিকদের মধ্যে কী কারণে এমন ভীতির সৃষ্টি হলো তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এ ঘটনায় চীনা কোম্পানিটির কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। বারবার যোগাযোগের চেষ্টা করলেও তারা কথা বলতে চাননি।

ফলে ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। তদন্ত শেষে প্রকৃত সত্য উদ্‌ঘাটিত হবে এমন প্রত্যাশা করছেন ভুক্তভোগী পরিবার।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad